চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে অংশ নেবেন এক লাখ ৩০ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
সোমবার (২০ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্বচিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম বোর্ডে এ বছর ১২১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষার্থীদের মধ্যে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র ও ৭৪ হাজার ৩৭৩জন ছাত্রী।
চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ‘ব্যবসায় শিক্ষা’ শাখায়। এ বিভাগে ৫১ হাজার ৭৫০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে; এর মধ্যে ২৪ হাজার ৫৭৮ জন ছাত্রী ও ২৭ হাজার ১৭২ জন ছাত্র।
অপরদিকে সবচেয়ে কম পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৯৯১ জন। এর মধ্যে ১৯ হাজার ৫৪৯ জন ছাত্রী ও ১৫ হাজার ৪৪২ জন ছাত্র। মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেবে ৪৩ হাজার ৯৮৩ জন; এর মধ্যে ৩০ হাজার ২৪৬ জন ছাত্রী ও ১৩ হাজার ৭৩৭ জন ছাত্র।
চট্টগ্রাম বোর্ডের অধীনে এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেবেন চট্টগ্রাম জেলা থেকে ৯২ হাজার ৩৩৮ জন; যার মধ্যে ৫২ হাজার ১৩৪ জন ছাত্রী ও ৪০ হাজার ২০৪ জন ছাত্র। সবচেয়ে কম পরীক্ষার্থীর সংখ্যা বান্দরবান জেলায় ৩ হাজার ৯৭৪ জন। এছাড়া কক্সবাজার জেলায় ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৪১৭ ও খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ৭১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। মোট কেন্দ্রের মধ্যে ১২৬টি চট্টগ্রাম জেলায়, ৩২টি কক্সবাজার, ২১টি রাঙামাটি, ২৪টি খাগড়াছড়ি ও ১৫টি বান্দরবানে।












