২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ

জ্বালানি সংকট নিরসনে আমদানি করা ডিজেলের বড় চালান এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। ইতোমধ্যে দুটি জাহাজ থেকে ডিজেল খালাস শুরু হয়েছে, আর বহির্নোঙরে অপেক্ষা করছে আরও তিনটি জাহাজ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বর্তমানে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি ওকট্রি’ এবং প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ‘এমটি কেপ বনি’ জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে।

অন্যদিকে, বহির্নোঙরে অপেক্ষমাণ রয়েছে আরও দুটি ডিজেলবাহী জাহাজ— প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ‘এমটি লিয়ান সং হু’ এবং প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’। এছাড়া প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে ‘এমটি নেভি সিয়েলো’ জাহাজটিও বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা। তিনি জানান, জাহাজগুলো থেকে পর্যায়ক্রমে জ্বালানি খালাস করা হবে, যা দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

এদিকে, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দেশীয় উৎস থেকেও জ্বালানি সংগ্রহ অব্যাহত রয়েছে। গত ১৯ দিনে দেশের তিনটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে মোট ১৫ হাজার ১৭০ মেট্রিক টন অকটেন সংগ্রহ করেছে বিপিসি।

এর মধ্যে সর্বাধিক ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন সরবরাহ করেছে সুপার পেট্রো পিএলসি। এছাড়া প্রতিষ্ঠানটি ৭ হাজার ১৭৭ টন পেট্রল ও ১২ হাজার ৮৮৪ টন ডিজেল সরবরাহ করেছে। পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড দিয়েছে ৩ হাজার ২৬৪ টন অকটেন, ১ হাজার ২৫৪ টন পেট্রল এবং ১ হাজার ৮৯৬ টন ডিজেল। অন্যদিকে অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড সরবরাহ করেছে ২৯১ টন অকটেন, ৪ হাজার ১৩ টন পেট্রল এবং ৫১৮ মেট্রিক টন ডিজেল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ