চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালের পাশের নুরানি পাড়া গ্রামে ডেইরি ফার্মের বিষাক্ত বর্জ্যে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ হাজার বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের ভেতরের পুকুরগুলো খালের সঙ্গে সংযুক্ত হওয়ায় আশপাশের ডেইরি ফার্মের ময়লা ও দূষিত পানি এসব জলাশয়ে প্রবাহিত হচ্ছে।
এ ঘটনায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল) এলাকাবাসীর পক্ষে মোশাররফ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, আগে মধ্যবর্তী নালার মাধ্যমে বর্জ্য শিকলবাহা খালে চলে যেত। তবে সম্প্রতি খালের পাশে জায়গা ভরাট করায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে।
ফলে ডেইরি ফার্মগুলোর বর্জ্য যত্রতত্র জমে গিয়ে গ্রামের পুকুরগুলো মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে।
এ ছাড়া পানির তীব্র দুর্গন্ধে এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মশার উপদ্রবও আশঙ্কাজনকভাবে বেড়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, দূষণের কারণে পুকুরের মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে। এতে স্থানীয়দের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে।
কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম বলেন, “অভিযোগের বিষয়টি জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”












