২ নভেম্বর ২০২৬

চকরিয়া থেকে আলাদা হয়ে নতুন উপজেলা ‘মাতামুহুরী’

কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ নিকার সভায় উপস্থাপন করা হয়। এর মধ্যে কক্সবাজার জেলার বৃহৎ চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টি গুরুত্ব পায় এবং শেষ পর্যন্ত অনুমোদন লাভ করে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন উপজেলা গঠনের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ সহজে নাগরিক সেবা পাবে। পাশাপাশি বৃহৎ আয়তনের চকরিয়া উপজেলার প্রশাসনিক চাপও অনেকটা কমে আসবে।

নিকারের বৈঠকে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার পাশাপাশি আরও চারটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি। নতুন পাঁচটি উপজেলা যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০০।

আরও পড়ুন