বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক, সেবামূলক, উন্নয়নমূলক ও সাংস্কৃতিক সংগঠন সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এ কর্মসূচির আয়োজন করে।
‘সবুজায়নে আমরা, টেকসই আগামীর গড়তে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ আবদুর রহিম, পরিবেশ কর্মী ও সিনিয়র কেমিস্ট কলরেজাউত তাহমিন সওরভ, যুব উন্নয়ন কর্মী মোহাম্মদ হাছান উল্লাহ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. কে. খোদা তোতন, শিক্ষাবিদ ও লেখক উত্তম কুমার আচার্য, দৈনিক পূর্বকোণের সাব-এডিটর শক্তিপদ বর্ধন এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমী এমদাদুর রহমান মুন্না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
আয়োজক সূত্রে জানা যায়, এসডিএস দীর্ঘদিন ধরে প্রতিদিন ১ টাকা সঞ্চয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমে সহযোগী হিসেবে রয়েছে পরিবেশবাদী সংগঠন ‘১ টাকার বৃক্ষরোপণ’ এবং চট্টগ্রাম নারী উন্নয়ন সংস্থা। সংগঠনগুলো পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।
সভায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বৃহত্তর পরিসরে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুব সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।













