ভৌগোলিক দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। ভাষা, সংস্কৃতি কিংবা জীবনযাত্রায় নেই কোনো মিল। অথচ ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশ আর আর্জেন্টিনা যেন একই আবেগে বাঁধা পড়ে। বিশ্বকাপের প্রতিটি আসর যেন নতুন করে প্রমাণ করে- দূরত্ব কখনো আবেগের বাধা হতে পারে না। ১৭ হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশ ও আর্জেন্টিনাকে এক করে রেখেছে একটি নাম- লিওনেল মেসি, আর একটি ভালোবাসা- ফুটবল।
লিওনেল মেসি ও আলবিসেলেস্তেদের প্রতি বাংলাদেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা এখন শুধু গ্যালারি বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নয়; তা জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার মূলধারার গণমাধ্যমসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে।
বিশ্বকাপ শুরু হলেই বাংলাদেশের শহর থেকে গ্রাম— সবখানেই দেখা যায় আকাশী-সাদা রঙের উচ্ছ্বাস। বাড়ির ছাদে বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা, দেয়ালজুড়ে মেসির প্রতিকৃতি, প্রিয় দলের জয়ে মধ্যরাতে রাজপথে হাজারো মানুষের বিজয় মিছিল—সব মিলিয়ে যেন এক অন্যরকম উৎসবের দেশে পরিণত হয় বাংলাদেশ।
বিশেষ করে লিওনেল মেসির প্রতিটি গোল কিংবা আর্জেন্টিনার প্রতিটি জয় উদযাপনে বাংলাদেশি সমর্থকদের আবেগ এখন বিশ্ব ফুটবলের পরিচিত এক দৃশ্য। সেই উন্মাদনাই নজর কেড়েছে আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যমগুলোর।
আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল লা নাসিওন মাস সম্প্রতি বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ ফুটবলপ্রেমী আর্জেন্টিনাকে সমর্থন করেন।
অন্যদিকে ৮ মার দেল প্লাটা বাংলাদেশের সমর্থকদের উদযাপনের ভিডিও প্রকাশ করে লিখেছে, “মেসির গোলগুলো এভাবেই উদযাপন করেছে বাংলাদেশ।” জনপ্রিয় সংবাদমাধ্যম এ২৪-ও বাংলাদেশের আর্জেন্টিনা-উন্মাদনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
দেশটির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান টেলিনুয়েভে তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে—“বাংলাদেশ সবসময় আর্জেন্টিনার সঙ্গে।” আর আর্জেন্টিনার খ্যাতনামা ক্রীড়া দৈনিক ডায়রিও ওলে বাংলাদেশি সমর্থকদের ভালোবাসাকে অভিহিত করেছে “অবিশ্বাস্য ও আবেগঘন” বলে।
শুধু আর্জেন্টিনাই নয়, বাংলাদেশের এই ফুটবলপ্রেম বিশ্বজুড়েও প্রশংসিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি, পাশাপাশি বিবিসি এবং দ্য গার্ডিয়ান-এর মতো বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে বিশেষ ফিচার প্রকাশ করেছে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা-ও তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের ভিডিও প্রকাশ করেছে। সেখানে ফুটবলের বৈশ্বিক আবেদন এবং সীমান্ত পেরিয়ে মানুষের আবেগকে একসূত্রে গেঁথে দেওয়ার অনন্য উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা তুলে ধরা হয়েছে।













