১ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে এটিএম বুথের টাকা লুট, আটক নিরাপত্তারক্ষী

সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় লুট হওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধারসহ নিরাপত্তারক্ষী আইয়ুব আলীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকালে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

থানা সূত্র জানায়, গত ২৬ জুন আইআইইউসি ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ খুলে প্রায় ১৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যান বুথের নিরাপত্তারক্ষী আইয়ুব আলী। পরবর্তীতে গ্রাহকরা বুথ থেকে টাকা উত্তোলন করতে না পারলে বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় একই দিন সন্ধ্যায় সিকিউরিটি ইনচার্জ মইনুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আইয়ুব আলীর অবস্থান শনাক্ত করে। এসআই মাহমুদুল হাসান ও এসআই ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার বিকেলে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রোববার সকালে তাকে সীতাকুণ্ড মডেল থানায় আনা হয়।

পুলিশ জানায়, আটক আইয়ুব আলীর কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, রংপুরের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে আত্মসাৎ করা টাকার একটি অংশ তিনি ব্যয় করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘এটিএম বুথের অর্থ আত্মসাতের ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে আটক এবং অধিকাংশ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।’

আরও পড়ুন