১ নভেম্বর ২০২৬

নগরীতে মন্দিরে চুরির মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার মালামাল বিক্রির নগদ অর্থ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত মালামাল বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা চোরেরা বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার বিনাগ লেনে অবস্থিত গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে প্রবেশ করে প্রতিমার গায়ে থাকা প্রায় ১ লাখ টাকার স্বর্ণালংকার ও ১ লাখ ২৫ হাজার টাকার রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রহিম-এর নেতৃত্বে এসআই খায়রুল বাসার সাজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন রাতে নগরের সাগরিকা রোডের বিটাক মোড়সংলগ্ন তিতাস ফার্মেসি এলাকায় অভিযান চালান।

অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমান (৩৩)-কে গ্রেফতার করা হয়। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত মালামাল বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং চোরাইকৃত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন