২১ অক্টোবর ২০২৬

জোরারগঞ্জে গরু পাচারচক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৯ ভারতীয় গরু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানকালে ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার পুলিশ উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকার গামারী বাগানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দুটি পিকআপে করে পাচারের সময় ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গরু পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো— মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার মৃত ছমেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), একই এলাকার আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আরিফ (২৭) এবং একই উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতের (চাঁদগাজী) এলাকার আইয়ুব আলীর ছেলে রাসেল ওরফে আলম (৩৫)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাচালানকালে ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন