কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি ভাড়া বাসায় কথিত মাদক সেবনের আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির এক নেতা ও ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন— ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ উল্লাহ জুয়েল (৪০), শাহাবুদ্দিন (৪০), মোহাম্মদ জয়নাল আবেদিন (৩৩), আশরাফ ছিদ্দিকি (২৬), আল আতা ছাদেকি তুহিন (২৭) এবং রাসেল উদ্দিন (২৮)।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদেরপাড়া এলাকার একটি ব্যাচেলর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পুলিশ বাসাটি ঘিরে দরজা খুলতে বললেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পরে দরজা ভেঙে ফেলার সতর্কতা দিলে দরজা খোলা হয়। এ সময় ভেতর থেকে ছয়জনকে আটক করা হয় এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় ঈদগাঁও থানায় মামলা (নং-১(৭)২৬/২০২৬) দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ দাবি করেছেন, আটক জুবায়েদ উল্লাহ জুয়েলকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র হতে পারে। তিনি বলেন, জুয়েলের বাবা প্রয়াত মৌলভী হাবিব উল্লাহ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় জুয়েলকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তাকে ও বিএনপিকে বিতর্কিত করতে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দলের নেতাকর্মীদের ধারণা।














