সীতাকুণ্ডের এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে বিনামূল্যে বাসসেবা কার্যক্রম ‘রোড টু লাইট–এইচএসসি ২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থা (এমএফএসএস)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগেই শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।’
আয়োজকরা জানান, সীতাকুণ্ডের এইচএসসি পরীক্ষার্থীদের সময়মতো ও নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে নবমবারের মতো এ বাসসেবা পরিচালিত হচ্ছে। ২০২২ সাল থেকে চালু হওয়া এই উদ্যোগটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এবারের বাসসেবার নির্ধারিত রুটগুলো হলো— সীতাকুণ্ড থেকে ভাটিয়ারী, সীতাকুণ্ড থেকে সিটি গেইট এবং বাড়বকুণ্ড থেকে সিটি গেইট। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের যাতায়াতজনিত উদ্বেগ কমিয়ে তাদের মনোযোগ শুধু পরীক্ষায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রবেশন কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
এছাড়া এমএফএসএসের উপদেষ্টা মহিন উদ্দিন, এমএফজেএফের উপদেষ্টা মো. গিয়াস উদ্দিন, মনিষার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আজমল হোসেন (হিরু)সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএফএসএসের সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী। সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ‘রোড টু লাইট’-এর প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিন।
সংগঠনটি জানায়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে ৬০টিরও বেশি সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে এমএফএসএস। এসব উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কার অর্জন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনহিতকর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।














