রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির (২০২৬-২০২৮) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যসেবা সম্প্রসারণ এবং মানবিক কার্যক্রম জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
সভায় উপস্থিত ছিলেন কমিটির কো-চেয়ারম্যান কর্নেল মো. মঈনুল হক (অব.), কো-চেয়ারম্যান আলহাজ এম. এ. বাতেন চৌধুরী, সদস্য মো. শাকিরুজ্জামান ভূঁইয়া, মো. বরকত উল্লাহ এবং লায়ন মো. ইকবাল হোসেন।
সভায় রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার তহবিল ১ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিভিন্ন বিল্ডিং ম্যাটেরিয়াল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, এয়ারলাইন্স, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ, হোটেল ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে রিহ্যাব সদস্যদের জন্য বিশেষ ছাড় ও বিভিন্ন ধরনের সেবা-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া পুলিশের ব্যবহারের জন্য রিহ্যাবের দেওয়া গাড়ির বর্তমান অবস্থা পর্যালোচনা, সাইক্লোন সেন্টারের অবস্থা মূল্যায়ন, সোশ্যাল ওয়েলফেয়ার তহবিলের জন্য প্রতিশ্রুত এক বিঘা জমি পরিদর্শন করে সেখানে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই এবং বার্ন হাসপাতালের জন্য রিহ্যাবের দেওয়া বেডগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নির্মাণশিল্পের শ্রমিক ও কর্মীদের কর্মস্থলে দুর্ঘটনা, জরুরি চিকিৎসা বা মানবিক সংকটের সময় প্রয়োজনীয় সহায়তা প্রদানে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্তও গৃহীত হয়।
বক্তারা বলেন, আবাসন শিল্পের উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে রিহ্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও সদস্যসেবা বৃদ্ধি, মানবিক সহায়তা সম্প্রসারণ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে বাস্তবমুখী উদ্যোগ অব্যাহত থাকবে।














