চট্টগ্রামের মিরসরাইয়ে আর্জেন্টিনা–মিসর ফুটবল ম্যাচ দেখা নিয়ে কথা কাটাকাটির জেরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠুর (৩৫) নাক ও চোখে গুরুতর আঘাত লাগে।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অপরজন আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আর্জেন্টিনা–মিসর ম্যাচ চলাকালে মিশর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ সময় বিষয়টি নিয়ে আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি এবং পরে মারামারির ঘটনা ঘটে। এতে মিঠুর নাক ফেটে যায় এবং চোখে গুরুতর আঘাত লাগে। অন্যদিকে সাকিবের মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত মাঈনুদ্দিন মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘মধ্যরাতে খেলা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁর নাক ও চোখে গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’














