২৬ অক্টোবর ২০২৬

কক্সবাজার সৈকতে ভেসে এলো অর্ধগলিত খণ্ডিত মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে মাথা ও পা-বিহীন একটি অর্ধগলিত খণ্ডিত মরদেহ ভেসে এসেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সৈকতে অবস্থানরত পর্যটক ও দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিচকর্মী খোরশেদ আলম জানান, রাতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্রের পানির কিনারা থেকে ওপরে উঠে যেতে অনুরোধ করা হচ্ছিল। এ সময় পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহটি তাদের নজরে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, মরদেহটির মাথা ও শরীরের নিচের অংশ নেই। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের অধিকাংশ অংশ পচে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে এটি নারী নাকি পুরুষের মরদেহ, সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুন