কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বিলাসবহুল স্লিপার কোচে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেল্পারকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবাগুলো স্লিপার সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করে কক্সবাজার মডেল থানা পুলিশ। গ্রেপ্তার হেল্পারের নাম মো. শেখ রাতুল (২৩)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকাগামী একটি বিলাসবহুল কোচে ইয়াবার বড় চালান পাচার করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ঢাকাগামী স্লিপার কোচে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে বাসটির ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় বাসের হেল্পার শেখ রাতুলকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ ইয়াবাগুলো জব্দের পাশাপাশি বাসটিও জব্দ করেছে। তবে অভিযানের সময় বাসচালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।














