২৫ অক্টোবর ২০২৬

বেইলি ব্রিজ ধসে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে যোগাযোগ বন্ধ

সপ্তাহজুড়ে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার ধসে পড়েছে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের আদর্শগ্রাম এলাকার জারুলিয়াছড়ি বিজিবি চেকপোস্ট সংলগ্ন গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ। এতে জননিরাপত্তার স্বার্থে সড়কটিতে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার পর পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ব্রিজটির নিচের মাটি ধসে যেতে শুরু করে। পরে গাইডওয়ালে ফাটল দেখা দিলে একপর্যায়ে ব্রিজটির পশ্চিমাংশ দেবে গিয়ে প্রায় এক ফুটের বেশি নিচে নেমে যায়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় দ্রুত সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ মাহবুব ইলাহি।

সরেজমিনে দেখা গেছে, পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ব্রিজটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেল চলাচল করে। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি সেবাগ্রহীতারা।

এদিকে ব্রিজসংলগ্ন বিদ্যুতের খুঁটিও ভাঙনের ঝুঁকিতে পড়ায় দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্য, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, সদর ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন। পাশাপাশি ব্রিজের আরও ক্ষয়ক্ষতি ঠেকাতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বালুর বস্তা ফেলা এবং জিআই তার দিয়ে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ মাহবুব ইলাহি বলেন, ব্রিজটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। তারা দ্রুত এসে মেরামতের কাজ শুরু করবে। এরই মধ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্রিজটি রক্ষায় বালুর বস্তা ফেলা ও জিআই তার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, বেইলি ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জননিরাপত্তার স্বার্থে আপাতত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দ্রুত মেরামতকাজ শুরু করবেন বলে জানিয়েছেন। বর্তমানে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদ ও বিদ্যুৎ বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। পাশের বিদ্যুতের খুঁটিটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত ব্রিজটি সংস্কার করা না হলে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে চলাচলকারী হাজারো মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি সেবাগ্রহীতাদের দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হবে। তাই স্থায়ীভাবে ব্রিজটি সংস্কার করে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন