১ নভেম্বর ২০২৬

‘অভিমানে’ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন, বাকলিয়ায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় গলায় ফাঁস দিয়ে মো. আরিফ (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার আগে কোনো একসময় নেপচুন ক্লাবের পেছনে আবু সওদাগরের কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরিফ ভোলার লালমোহন থানার পাটোয়ারী বাজার এলাকার আবুল কাশেম ও তাহেরা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আরিফ দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহে ভুগছিলেন। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন এবং সংসারের খোঁজখবর নিতেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এসব বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় দুই মাস ধরে তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে অভিমান করে আরিফ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি ওড়না জব্দ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন