১ নভেম্বর ২০২৬

বন্যার্তদের পুনর্বাসনে ‘মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন’র উদ্যোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করেছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরল আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের প্রত্যেককে এক বান করে ঢেউটিন প্রদান করা হয়।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, এটি তাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রথম ধাপ। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং পুনর্বাসন সহায়তা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং মরহুম আলেমে দ্বীন মৌলানা হাবীব উল্লাহ (রহ.)-এর জ্যেষ্ঠপুত্র মৌলানা মাহমুদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরহাদ আমিন ফয়সল।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি মাওলানা নছিমুর রহমান, মাওলানা আব্দুল মাজেদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আহমদ ছৈয়দ, মাওলানা হাফেজ আহমেদ, মাওলানা রফিক উল ইসলাম, মাওলানা রাশেদুল আলম নোমান, মাস্টার জামাল উদ্দিন, ডা. ইউসুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ফরিদুল আলম, মৌলানা শওকত আমিন বেলাল, মৌলানা সোহাইল মাহমুদ, ফরহাদ আমিন ফয়সল, তোয়াহা আমিন, শোয়াইব মাহমুদ, আহমদুর রহমান ও মোবারক উল্লাহ। ভার্চুয়ালি অংশ নেন মৌলানা হাবিবুল করিম হেলাল, মৌলানা সাইফুল্লাহ ও হাফেজ ওবাইদুল্লাহ।

বক্তারা বলেন, মরহুম মৌলানা হাবীব উল্লাহ (রহ.) দেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন। ইসলামী শিক্ষা, দ্বীনি দাওয়াত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর আদর্শ ও মানবসেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠিত মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে মৌলানা মাহমুদ উল্লাহ ফাউন্ডেশনের কার্যক্রমের সফলতা কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের প্রতি ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মাওলানা আব্দুল মাজেদের পরিচালনায় বন্যাদুর্গত পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন