পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজস্ব বাসভবনে পৌঁছেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি গুলশানের ১২৩ নম্বর সড়কের নিজ বাড়ি ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওনা হন। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। আজ বঙ্গভবন ছাড়ার মাধ্যমে তার এই দীর্ঘ রাজকীয় অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো।
২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৬ সালের ২৪ জুলাই তার পদত্যাগের পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।














