চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাতে বায়েজিদ বোস্তামী থানার এসআই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলো— বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার মো. আসিফ (২৫) এবং হাটহাজারীর আমানবাজার এলাকার সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আসিফের অবস্থান নিশ্চিত হয়ে ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হলে আসিফের পরনের প্যান্টের পেছনের কোমর থেকে একটি কালো প্লাস্টিকের গ্রীপযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের ম্যাগাজিনে লোড অবস্থায় দুই রাউন্ড গুলি ছিল। এছাড়া সাইদুল ইসলাম প্রকাশ আরিফের প্যান্টের সামনের বাম পকেট থেকে কাগজে মোড়ানো আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বহনের বৈধ কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি গ্রেপ্তাররা। জিজ্ঞাসাবাদে তারা চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী এবং অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের কথা স্বীকার করেছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় ২৭ জুলাই অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীদের আঘাত ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। অপর আসামি সাইদুল ইসলাম প্রকাশ আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।













