চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর চলন্ত ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি ছুড়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ব্যবসায়ী এস. এম. শহীদুল্লাহ রনি। ঘটনার পেছনে পূর্বশত্রুতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এস. এম. শহীদুল্লাহ রনি মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরী থেকে নিজেই গাড়ি চালিয়ে রাউজানে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ির সামনে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে থামিয়ে দেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী গাড়ির পেছনের অংশ লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী জানান, গুলিগুলো গাড়ির এক পাশ ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি চালকের আসনে নিচু হয়ে থাকায় প্রাণে রক্ষা পান। তার ধারণা, হামলাকারীরা ভেবেছিল তিনি গাড়ির পেছনের আসনে বসে ছিলেন। তাই পেছনের সিট লক্ষ্য করেই গুলি চালানো হয়।
এস. এম. শহীদুল্লাহ রনি একসময় বিজয় টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক প্রিয় সময়’র প্রকাশক ও সম্পাদক। পাশাপাশি রাউজানে একাধিক ইটভাটা ও চট্টগ্রাম নগরীতে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত।
খবর পেয়ে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত) কাজী মো. তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাউজানের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য, জড়িতদের পরিচয় এবং এটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














