১৬ সেপ্টেম্বর ২০২৬

পল্লী চিকিৎসকদের আধুনিক চিকিৎসা প্রশিক্ষণ দিল পার্কভিউ হাসপাতাল

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. তানজিলা তাবিব চৌধুরী, ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগের ইনচার্জ ডা. এনামুল কবির তানভীর এবং সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান মুরাদ ও শ্রাবন্তী দে।

কর্মশালায় অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস), বুকে ব্যথার প্রাথমিক ব্যবস্থাপনা, রক্ত পরিসঞ্চালনে সাধারণ ত্রুটি ও প্রতিকার, সাধারণ রোগে ওষুধের যৌক্তিক ব্যবহার, হ্যান্ড ওয়াশিংয়ের গুরুত্ব, নেবুলাইজার, ইনহেলার ও অক্সিজেন ডিভাইসের সঠিক ব্যবহার, প্যারেন্টেরাল প্রসিডিউর, অ্যাসেপটিক টেকনিক এবং প্রোফাইল্যাক্সিস ও নন-ফার্মাকোলজিক্যাল পরামর্শ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি মাওলানা রফিকউল্লাহ এবং বর্তমান সভাপতি পল্লী চিকিৎসক নাসির। এছাড়া বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসকরা কর্মশালায় অংশ নেন।

বক্তারা বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনার দক্ষতা বাড়লে সাধারণ মানুষ আরও নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। এ ধরনের উদ্যোগ প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম। সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আব্দুস সোবহান, রাজ্জাকুল হায়দার এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।

আরও পড়ুন