১৬ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে বড় ভাই হত্যার ঘটনায় মা ও ছোট ভাইয়ের স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মা-সহ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি এখনও পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহত মো. নেজাম উদ্দিনের (৩৮) স্ত্রী মোছাম্মৎ ফারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনকে (৩৬) প্রধান আসামি এবং শাশুড়ি হালিমা বেগম (৭০) ও জামালের স্ত্রী সানজিদা আক্তার পপিকে (২৬) আসামি করা হয়।

নিহত নেজাম উদ্দিন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা ঘোষখীল এলাকার আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের বড় ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।

এর আগে সোমবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই জামাল উদ্দিনের কোদালের আঘাতে নেজাম উদ্দিন নিহত হন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতের স্ত্রীর দায়ের করা মামলার পর এজাহারভুক্ত দুই আসামিকে, যাদের জনতা আটক করেছিল, পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মামলার প্রধান আসামি জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন