১৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা

চারতলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় চারতলা ভবনের বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে পশ্চিমচাল এলাকার গুলবাহার আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দেলোয়ার ও মোছাম্মৎ নিলা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারটি দীর্ঘদিন ধরে পশ্চিমচাল এলাকার গুলবাহার আবাসিক ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি সবার অগোচরে বেলকনিতে চলে যায়। অভিযোগ রয়েছে, রেলিংবিহীন বেলকনিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়।

বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আবিরকে উদ্ধার করেন। পরে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুযোগে আবির বেলকনিতে চলে যায়। পরে নিচে পড়ে গেলে শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘ভবন থেকে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন