চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণজাত পদার্থসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আজ শনিবার (১ আগস্ট) সকালে সংস্থাটির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে আটক করে।
সিআইআইডি সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬-এ সকাল ৬টা ৫৮ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের ভেতরে ক্যাপসুলসদৃশ আকৃতিতে বিশেষভাবে লুকানো স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানায়, প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুর মোট ওজন ৪৫৫ গ্রাম। তবে প্যাকিং সামগ্রী অপসারণের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। এ জন্য স্বর্ণকারের সহায়তা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণজাত পদার্থের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














