১৮ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় এক যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ নজরুল ইসলাম (৪২) আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী ২ নম্বর ওয়ার্ডের দোভাষী বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই এলাকার মৃত ইউনুছের ছেলে মোহাম্মদ ছৈয়দ (৫০), জয়নাল আবেদীন প্রকাশ আবুদ্দিন (৫৫) এবং মৃত মনির আহমদের ছেলে আবদুর রহমানকে (৬২)।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আত্মীয়তার সূত্রে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নজরুল ইসলামের সঙ্গে অভিযুক্তদের আর্থিক লেনদেন ছিল। পরবর্তীতে ওই লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলেও পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়। তবে সেই বিরোধের জের ধরে রোববার রাতে নজরুল ইসলামকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে তিনি আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোনায়েদ চৌধুরী বলেন, ‘বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকায় মারধরের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন