২৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ ১২ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় আটকেপড়া জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’কে ১২ ঘণ্টা পর সরানো হয়েছে। সোমবার গভীর রাতে জাহাজটিকে সরিয়ে বি অ্যাঙ্করেজে নিরাপদে নোঙর করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি মঙ্গলবার সকালে বলেন, ‘সমন্বিত প্রচেষ্টায় অভিযান চালিয়ে আটকেপড়া জাহাজটিকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। মুক্ত করার পর জাহাজটিকে নিরাপদে ‘বি’ অ্যাঙ্করেজে নোঙর করানো হয়েছে। যার ফলে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের কার্যক্রম কোনো ধরনের বাধা ছাড়াই স্বাভাবিক রয়েছে।’

মাল্টার পতাকাবাহী জাহাজটি সোমবার দুপুর সোয়া ২টার দিকে বন্দরের অদূরে কর্ণফুলী মোহনার কাছে আটকা পড়েছিল।

বন্দরের কর্মকর্তারা জানান, ১৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল। স্টিয়ারিং বিকল হওয়ায় সেটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা খায়। এরপর জাহাজটি কর্ণফুলীর মোহনা সংলগ্ন প্রতিরক্ষা দেয়ালে আটকে যায়।

চীনের শিকোউ বন্দর থেকে আসা ১২৮২ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারকে একক ধরে) কনটেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসছিল। জাহাজে মোট ২৪ জন নাবিক আছেন।

জাহাজটি উদ্ধারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট কান্ডারী-২, কান্ডারী-৪, কান্ডারী-৬ ও কান্ডারী-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট শিবসা, টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত মোতায়েন করা হয়।

বন্দরের নেভিগেশন চ্যানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরাও এ সমন্বিত অভিযানে যোগ দেন। পরে গভীর রাতে আটকে পড়া জাহাজটি সফলভাবে উদ্ধারের পর নিরাপদে নোঙর করা সম্ভব হয়।

বন্দর সচিব রেফায়েত হামিম বলেন, পুরো উদ্ধার অভিযান চলাকালে বন্দরের চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ ও নৌ চলাচলের উপযোগী ছিল। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন