২৫ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সকালে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার কারখানাটিতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আট শ্রমিকের মধ্যে চারজনের নাম ও পরিচয় জানা গেছে। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর সেখানে আরও পাঁচ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, ‘আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। আমি বাহিরে রয়েছি। খবর পেয়ে দ্রুত সেখানে যাচ্ছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম গণমাধ্যমকে প্রথমে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে পাঁচজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ট্যাঙ্কার থেকে কীভাবে বিষাক্ত গ্যাস লিক হলো এবং ইয়ার্ডে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন