২৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি গমবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়লেও তেলবাহী অন্য ট্যাঙ্কারটি অক্ষত রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর দুইটার দিকে বহির্নোঙরের ‘আলফা’ অ্যাঙ্করেজে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বিকাল ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজে চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগবোট, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের টিম মোতায়েন করা হয়েছে।

বন্দর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেসরকারি আমদানিকারকের ৫২ হাজার টন গম নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘সানশাইন’ বহির্নোঙরে নোঙর করা ছিল।

ওই সময় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কার ‘সি স্পাইক’ নোঙর করতে গিয়ে ‘সানশাইন’কে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সানশাইন জাহাজের খোলের এক অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। ট্যাঙ্কার ‘সি স্পাইক’ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য ৩৩ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল) বহন করছিল।

ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত জাহাজ দুটিকে সহায়তায় এগিয়ে আসে চট্টগ্রাম বন্দরের পাইলট, উদ্ধারকারী টাগবোট ‘কান্ডারী-৮’ এবং কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী টিম।তারা বর্তমানে সানশাইন জাহাজের পানি সেচ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে প্রাথমিক অভিযোগ উঠেছে, ট্যাঙ্কার ‘সি স্পাইক’ নোঙর করার সময় নির্ধারিত নিয়ম ভঙ্গ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বন্দরের নিজস্ব পাইলট নেওয়ার কথা থাকলেও ভাড়া করা ‘বে পাইলট’ দিয়ে নোঙর করাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে সি স্পাইক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘প্রাইড শিপিং’-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, বহির্নোঙরের বাইরের দিকে থাকা জাহাজের ক্ষেত্রে বন্দরের নিজস্ব পাইলট নেওয়ার বাধ্যবাধকতা নেই। আমরা সাধারণত বে পাইলট দিয়েই পরিচালনা করি।

আরও পড়ুন