নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসএম তানিম (৩০) নামে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের একটি সুতার মিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানিম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা হলেও শৈশব ও কৈশোর কেটেছে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে। তিনি বড়লিয়ার খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তানিম পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি জীবিকার তাগিদে নারায়ণগঞ্জের ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা ও স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এর আগে তার হোয়াটসঅ্যাপ স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘বড্ড শখ ছিলো সবাইকে খুশি রাখার, ইচ্ছে তো তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম..!!’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, তানিমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।














