১৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক বাজারে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির সুযোগ

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক ডিজিটাল বাজারে নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন চট্টগ্রামের নারী উদ্যোক্তারা। বিশ্বখ্যাত ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম Alibaba.com-এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও পণ্য বিক্রির সুযোগ তৈরিতে সহায়তা করবে প্ল্যাটফর্মটির অফিসিয়াল চ্যানেল পার্টনার Springfield Corporation।

এ লক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) ও Springfield Corporation-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সিডব্লিউসিসিআইয়ের সেমিনার হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকে সিডব্লিউসিসিআইয়ের প্রেসিডেন্টের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। Springfield Corporation-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম।

চুক্তির আওতায় সিডব্লিউসিসিআইয়ের নারী উদ্যোক্তারা Alibaba.com-এর মতো আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য প্রদর্শন ও বিপণন করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল বাণিজ্য বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাও পাবেন তারা।

অনুষ্ঠানে সিডব্লিউসিসিআইয়ের প্রতিষ্ঠাতা ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক গুলশানা আলী, পরিচালক আমেনা শাহীন ও সারিস্ত বিনতে নুর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান উপস্থিত ছিলেন।

Springfield Corporation-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শান শাহেদ, সহকারী ব্যবস্থাপক কামাল হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ মিঠুন সেন ও ইসরাত চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে নারী উদ্যোক্তারা দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এতে ব্যবসার পরিধি সম্প্রসারণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন