চট্টগ্রামের আনোয়ারায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের অর্থ সম্পাদক মো. আজম খাঁন। মামলায় তাকে দ্বিতীয় আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আজম খাঁন বলেন, গত ৫ সেপ্টেম্বর আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সে কাঁচাবাজার ও মার্কেট ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে আহতদের দেখতে আনোয়ারা মেডিকেলে যান এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।
আজম খাঁনের দাবি, তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা করেন। ওই মামলায় তাকে দ্বিতীয় আসামি করা হয়েছে এবং চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ঘটনার সময় তিনি আনোয়ারা মেডিকেলে অবস্থান করছিলেন। এ সময় আনোয়ারা থানার এসআই মুবিন ও হাজী এ আলী শপিং কমপ্লেক্সের দুই ব্যবসায়ীও হাসপাতালে তার সঙ্গে ছিলেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করলে ঘটনার সময় তার অবস্থান সম্পর্কে সত্যতা পাওয়া যাবে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আজম খাঁন আরও বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি মামলায় তিনি দুই মাস কারাভোগ করেছেন। এলাকায় চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে বর্তমান মামলাটি করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি মামলাটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, হয়রানিমূলক অভিযোগ থেকে অব্যাহতি এবং বিষয়টি সুষ্ঠুভাবে অনুসন্ধানে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।














