১৬ সেপ্টেম্বর ২০২৬

এবার চসিকের বিশেষ নজর আবাসিক এলাকার সড়কে

চট্টগ্রাম নগরীর প্রধান সড়কের উন্নয়নের পাশাপাশি এবার আবাসিক এলাকা ও পাড়া-মহল্লার অভ্যন্তরীণ সড়ক উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত, বৃষ্টির পানি ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে পর্যায়ক্রমে নির্মাণ ও সংস্কার করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা পরিদর্শন শেষে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র আবাসিক এলাকার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক এবং নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে এমন সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সুবিধা বাড়ানোর বিষয়ে এলাকাবাসী ও কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করেন।

মেয়র বলেন, একটি নগরের যোগাযোগ ব্যবস্থা শুধু প্রধান সড়কের ওপর নির্ভর করে না। আবাসিক ও পাড়া-মহল্লার অভ্যন্তরীণ সড়কও নগরবাসীর দৈনন্দিন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রধান সড়কের পাশাপাশি এসব সড়কের দিকেও বিশেষ নজর দেওয়া হবে।

তিনি বলেন, যেসব সড়ক দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অথবা জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে। নতুন সড়ক নির্মাণের প্রয়োজন হলে পর্যায়ক্রমে সে উদ্যোগও নেওয়া হবে। তবে শুধু সড়ক নির্মাণ নয়, পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ, ফুটপাত ও পথচারীদের নিরাপদ চলাচলের বিষয়ও সমন্বিতভাবে বিবেচনা করা হবে।

চসিক মেয়র আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের কাজ চলছে। তবে ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থা রাস্তা খনন করে কাজ করায় অনেক সময় সড়ক সংস্কারে জটিলতা তৈরি হয়। সেবা সংস্থাগুলোর কাজ শেষ হওয়ার পরই চসিক স্থায়ীভাবে সড়ক সংস্কার করতে পারে।

তিনি বলেন, সড়ক সংস্কারের নামে একই জায়গায় যেন বারবার কাজ করতে না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে। সড়কের বর্তমান অবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনা করে টেকসই পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হবে।

চান্দগাঁও আবাসিক এলাকা পরিদর্শন প্রসঙ্গে মেয়র বলেন, এলাকার কোথাও বৃষ্টির পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কোথাও নতুন সড়ক নির্মাণের প্রয়োজন রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত ও পর্যায়ক্রমিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।

মতবিনিময় সভায় চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন সড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নসহ এলাকার নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন। মেয়র তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন