বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) হাটহাজারী নয়াপাড়াস্থ বিআরটিএ-চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে পরিচালিত অভিযানে আটক দুই দালালকে এ দণ্ডাদেশ দেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার মৌলানা আকমলের বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)। এর মধ্যে হাসানকে ২৫ দিন এবং ইমরানকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি একই আদালত নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করেছে। এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়।














