ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তাঁরা বলেছেন, ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার জন্যও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ডেঙ্গুর বিস্তার রোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দেশব্যাপী সাত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরের আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। নিজের ঘর, নিজের আঙিনা ও নিজের এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে ডেঙ্গুমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব।’
সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, একটি পরিচ্ছন্ন বাড়ি, পরিচ্ছন্ন মহল্লা এবং সচেতন নাগরিক সমাজই ডেঙ্গুর ঝুঁকি কমাতে পারে। এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেকোনো স্থানে পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে।
তিনি সপ্তাহে অন্তত একদিন বাড়ির আশপাশ পরিষ্কার করে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান। একই সঙ্গে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে ১৭ সেপ্টেম্বর থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করার নির্দেশ দেন।
কর্মসূচিতে নগর যুবদলের নেতাকর্মীরা নালা-নর্দমা ও রাস্তার পাশে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ছিটান। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও সহযোগিতা করেন। পাশাপাশি মশক নিধনকর্মীরা ২৭ নম্বর ওয়ার্ডের সিজিএস কলোনি, আগ্রাবাদ সিডিএ, নালাপাড়া, মহিলা কলেজ ও আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচিতে নগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন, এম গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম খাঁন, সেলিম উদ্দিন রাসেল, তানভীর মল্লিক, সহসাধারণ সম্পাদক ওসমান গনি সিকদার, ধর্মবিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুলসহ নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














