১৭ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসা শেষ করার অনুরোধ শুনেননি পুলিশ!

চোখের অপারেশনের পরদিনই আটক মিরসরাইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফকে নগরীর হালিশহর এলাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ২টার দিকে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে হালিশহর থানা পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী রওশন আরা রত্না। তিনি জানান, বুধবার সকাল ১১টার দিকে আরিফের চোখে অপারেশন করা হয়। বৃহস্পতিবার তার চোখের ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা ছিল। গত চার মাসে তার চোখের রেটিনায় তিনটি অপারেশন হয়েছে বলেও জানান তিনি।

রওশন আরা রত্না বলেন, ‘আমরা পুলিশকে অনেক অনুরোধ করেছি, আকুতি-মিনতি করেছি— চোখের ড্রেসিংটা শেষ হলে তিনি নিজেই থানায় হাজির হবেন। কিন্তু তারা আমাদের কথা মানেননি। রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য বাসায় এসে আরিফকে থানায় নিয়ে যান।’

তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরিফকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে আটকের কারণ ও মামলার বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

আরও পড়ুন