ঢাকার নবাবগঞ্জ থেকে রাজধানীতে কাজে যোগ দিতে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন ২২ বছর বয়সী তরুণ রোহান বেপারী। ছেলের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর বাবা-মা, দুই বোন ও স্বজনেরা। রোহানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
রোহান ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর পাইকসা গ্রামের বাসিন্দা। তিনি মঞ্জু বেপারী ও শাহানাজ দম্পতির একমাত্র ছেলে।
গতকাল রোববার সন্ধ্যায় রোহানের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তাঁর মামাতো ভাই আবু সায়েম। তিনি জানান, রোববার সকাল ৭টার দিকে লাল রঙের টি-শার্ট ও জিনসের প্যান্ট পরে রাজধানীর বাড্ডায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রোহান। পরে সকাল ৯টার দিকে আরেক মামাতো ভাই রাতুলকে মুঠোফোনে জানান, তিনি গুলিস্তানে পৌঁছেছেন।
সেখান থেকে কীভাবে বাড্ডায় যাবেন, তা জেনে নেওয়ার পর ফোনকলটি কেটে দেন তিনি। এরপর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
আবু সায়েম জানান, রোহানের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উদ্বেগের মধ্যে রয়েছেন।
নিখোঁজ রোহানের সন্ধান পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে পরিবার। কেউ তাঁর সন্ধান পেলে ০১৮২২৭৮২৬৭৫ অথবা ০১৮৪৯৩২২২২৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পরিবার।












