৮ অক্টোবর ২০২৬

সাংবাদিক কামাল পারভেজকে হুমকি, চট্টগ্রামে তরুণ সাংবাদিকদের প্রতিবাদ

চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রামের তরুণ সংবাদকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরপরই সিনিয়র সাংবাদিক কামাল পারভেজকে হুমকি দেওয়ার ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে হুমকি দেওয়া শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এর সঙ্গে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপদ পরিবেশের বিষয়টিও জড়িত। সাংবাদিকরা যাতে ভয়ভীতি ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।

তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ নেই। কোনো সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা ঘটলে তা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন থেকে সাংবাদিক কামাল পারভেজের নিরাপত্তা নিশ্চিত করা, তাকে দেওয়া হুমকির ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হুমকির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন দেশ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নাজিম উদ্দীন, সিপ্লাস টিভির সিনিয়র রিপোর্টার ইফতেখার নুর তিশান, কালের কণ্ঠের (ডিজিটাল) মেহেরাজ হোসেন ও অনিক আখন্দ, দৈনিক আমার দেশ’র (মাল্টিমিডিয়া) মাহমুদ ফাহিম, বাংলাধারা’র স্টাফ রিপোর্টার কামরুল হাসান, সিএমআরইউ’র প্রতিনিধি এবাদুল হক এবং সিপ্লাস টিভির ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ হাসান।

দৈনিক পূর্বকোণের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুর রহমান ইমনের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক হাসান সৈকত, ওমর ফারুক, সায়েমসহ চট্টগ্রামের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন