চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব ইলিশ উপজেলার ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মিঠাছড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীরুল কাদের। জব্দ করা ইলিশের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের উদ্যোগে জব্দ করা ইলিশ ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে সাগরে ইলিশ আহরণ, মজুদ, বাজারজাত, ক্রয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মিঠাছড়া বাজারে অভিযান চালিয়ে এসব ইলিশ জব্দ করা হয়।












