চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রোগীর ছদ্মবেশে ১০ থেকে ১১ জন নারী সেখানে ভিড় করেন। তাঁরা লাইনে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। এই সুযোগে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন চুরি করা হয়। চুরি যাওয়া চেইনগুলোর মোট ওজন আনুমানিক ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সাত নারীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আমিনা খাতুন (৩৬)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তাঁরা পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড় সৃষ্টি করে সাধারণ মানুষের টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক চুরির মামলাও রয়েছে।
এ ঘটনায় রোববার জোরারগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার নারীদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।














