২ নভেম্বর ২০২৬

ব্যাটল অব ব্যাচেস সিজন–৫

মিলেনিয়াম টাইগার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন রেনেগেডস ০০৭

ব্যাট-বলের উত্তেজনাপূর্ণ লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ‘ব্যাটল অব ব্যাচেস ক্রিকেট কার্নিভাল সিজন–৫’। ফাইনালে মিলেনিয়াম টাইগার্স তেজগাঁওকে হারিয়ে এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে রেনেগেডস ০০৭।

চট্টগ্রাম উইজার্ডের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় চট্টগ্রামের নোমান কলেজ মাঠে। সুপার সিক্স পর্বের দুই গ্রুপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই পেরিয়ে ফাইনালে ওঠে রেনেগেডস ০০৭ ও মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে শিরোপা উদ্‌যাপনে মেতে ওঠে রেনেগেডস ০০৭। রানার্সআপ হয় মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও।

ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন পলাশ। টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন আমির হোসাইন মুরাদ, সেরা বোলার জিতু ইমরান এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সুমন সাহা।

ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের অবসরপ্রাপ্ত পরিচালক আনিসুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় সরকার বিভাগের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. সওয়েব উদ্দিন খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইউসুফ খান রাজিব এবং রেনিশা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম উইজার্ডের সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সোহেল আহমেদ।

চট্টগ্রাম উইজার্ডের সভাপতি রাজীব বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান আয়োজিত হয়। টুর্নামেন্ট সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাইফুর জামান শোভন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সংগঠনের স্পোর্টস সেক্রেটারি সুমন সাহা।

এবারের আসরে ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের মোট ১২টি দল অংশ নেয়। পুরো টুর্নামেন্টজুড়ে মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট, দর্শকদের উচ্ছ্বাস এবং পুরোনো বন্ধুদের মিলনমেলা।

আয়োজকেরা জানান, ‘ব্যাটল অব ব্যাচেস’ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি বিভিন্ন ব্যাচের বন্ধুদের একত্রিত হওয়ার, পুরোনো স্মৃতি ভাগাভাগি করার এবং পারস্পরিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি আয়োজন। এবারের আসর সফল করতে অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, স্পনসর ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

আগামীতে আরও বড় পরিসরে ও বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের পরবর্তী আসর আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ