৮ নভেম্বর ২০২৬

নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: এমপি জহির

নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি বলেছেন, জ্ঞান মানুষকে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখায়। তাই নতুন প্রজন্ম যেন কোনোভাবেই বিপথে পরিচালিত না হয়, সে জন্য তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বাঁশখালীর কালীপুর এলাকায় রমিজ উদ্দিন শাহ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জহিরুল ইসলাম বলেন, ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। কারণ জ্ঞান ছাড়া সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায় এবং ভালো ও মন্দের পার্থক্য অনুধাবন করা সম্ভব নয়। জ্ঞান মানুষকে আলোকিত করে, বিবেক জাগ্রত করে এবং সঠিক পথে চলার দিকনির্দেশনা দেয়। জ্ঞানের মাধ্যমেই মানুষ নিজেকে চেনার পাশাপাশি সৃষ্টিকর্তাকেও চিনতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন-অগ্রগতিতেও জ্ঞানের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, একটি আদর্শ সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে রমিজ উদ্দিন শাহ দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, এতিমখানা ও হেফজখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বার্ষিক সভা ও মাহফিলে আরও বক্তব্য দেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ, অধ্যক্ষ আজিজুল ইসলাম, মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা মীর আহমদ আনছারী ও মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধের চর্চা এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ধর্মীয় শিক্ষায় আলোকিত প্রজন্মই পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

অনুষ্ঠানের একপর্যায়ে এমপি জহিরুল ইসলাম নির্মাণাধীন মাদরাসা ভবন পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। পরে মাদরাসার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ