কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ। একই সঙ্গে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার থাইংখালী বিটের তাজিমারখোলা খালে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। পরে সেটি থাইংখালী বিট কার্যালয়ে রাখা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালায় বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, আকতার কামাল নামের এক ব্যক্তি রোহিঙ্গা শ্রমিক দিয়ে সকাল থেকে পাহাড় কেটে চার ডাম্পার মাটি পাচার করেছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটার অভিযোগে তাঁকে আটক করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের কর্মীরা অংশ নেন।
রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
অভিযুক্ত আকতার কামালের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।













