যানবাহন চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ। এ উপলক্ষে মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মিরসরাই সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকদের হাতে এসব লিফলেট তুলে দেন পুলিশ সদস্যরা।
লিফলেটে মহাসড়কে হঠাৎ বিকট শব্দ শুনতে পেলে কিংবা অপরিচিত স্থানে কোনো প্রতিবন্ধকতা দেখতে পেলে গাড়ি না থামানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি চলন্ত অবস্থায় গাড়ির দরজা-জানালা লক রাখা, অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ না করা এবং রাতে যাত্রাবিরতির ক্ষেত্রে নিরাপদ ও জনবহুল স্থান বেছে নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
এ সময় মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মহাসড়কে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রীদের সচেতন হওয়া জরুরি। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে।













