কয়েক দিন আগেও যেসব জমিতে দুলছিল সোনালি ধানের শীষ, এখন সেই মাঠজুড়ে শোভা পাচ্ছে সবুজ সবজির সমারোহ। ধান কাটার পরপরই জমিতে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির আবাদ। শীতের আগেই বাজারে সবজি সরবরাহ করে বাড়তি দাম পাওয়ার আশায় চট্টগ্রামের বোয়ালখালীর কৃষকেরা ঝুঁকছেন আগাম সবজি চাষে।
গত শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ধান কাটার পর অনেক জমিতেই চলছে শীতকালীন সবজি আবাদের প্রস্তুতি ও পরিচর্যা। বিশেষ করে জৈষ্টপুরা পাহাড়ঘেঁষা শ্রীপুর-খরণদ্বীপ, আমুচিয়া ও আহলা-করলডেঙ্গা ইউনিয়নের কৃষিজমিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কোথাও বেগুন, টমেটো, বরবটি, বাঁধাকপি ও ফুলকপি; আবার কোথাও করলা, শসা, শিম ও লাউয়ের চাষ হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ার আগেই উৎপাদিত সবজি বাজারে তুলতে চান কৃষকেরা। মৌসুমের শুরুতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সময়ে ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। সেই সুযোগ কাজে লাগাতেই বাড়তি শ্রম ও বিনিয়োগ করছেন তাঁরা। তবে প্রতিকূল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকিও রয়েছে।
খরণদ্বীপ এলাকার কৃষক রূপক দে বলেন, এবারও ২০ শতক জমিতে জাপানি মন্টিয়ার জাতের ফুলকপি চাষ করেছেন তিনি। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে এসব ফুলকপি বিক্রির উপযোগী হবে। এতে তাঁর খরচ হবে প্রায় ২৫ হাজার টাকা। ফলন আশানুরূপ হলে শীতের আগেই সবজি বিক্রি করে ভালো লাভের আশা করছেন তিনি।
জৈষ্টপুরার পুটিকোলা বিলে এক একর জমিতে বেগুন, মূলা, ঢেঁড়স, মরিচসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ করেছেন কৃষক মো. তোফায়েল আহমেদ। এতে তাঁর খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। সকাল থেকে বিকেল পর্যন্ত ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় কাটে তাঁর।
এ ছাড়া জৈষ্টপুরা এলাকার কৃষক সুজন বসু, আমুচিয়ার মো. এসকান্দর ও করলডেঙ্গার রিটন বড়ুয়াও আগাম সবজির আবাদ করেছেন। তাঁরা বলেন, আগাম সবজি চাষে পরিশ্রম ও খরচ দুটোই বেশি। এরপরও বাজারে ভালো দাম পাওয়ার আশায় চাষাবাদ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সবজি উৎপাদন করে লাভবান হওয়ার আশা তাঁদের। তবে ফসল ঘরে তোলার আগ পর্যন্ত আবহাওয়ার বৈরিতা ও পোকামাকড়ের আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চট্টগ্রামে ৩৪ হাজার ৯৬৫ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ২৩ হাজার ২০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, ফসলের ন্যায্যমূল্য ও উৎপাদন বাড়াতে উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, সীতাকুণ্ড ও মিরসরাইসহ কয়েকটি উপজেলায় আগাম সবজি উৎপাদন হচ্ছে। এসব সবজি ইতিমধ্যে বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি ভোক্তাদের চাহিদা পূরণেও সহায়ক হবে।
বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাড়তি আয়ের আশায় ৫০ থেকে ৬০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করছেন কৃষকেরা। ফসলের রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।













