চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনের অংশে সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ২১ বছর বয়সি মো. ফারেজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মো. রামিনের বাড়ি লোহাগাড়া উপজেলার সুখছড়ি এলাকায়, তিনি হাবিবুর রহমানের ছেলে।
রামিনকে শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে নগরীর বেসরকারি পার্ক ভিউ হসপিটালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার বেলাল উদ্দিন বলেন, ‘কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি মিনিবাস বিপরীতমুখী মোটর সাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মো. ফারেজ মারা যান। তিনি প্রবাসী বলে জেনেছি। বাসটি আটক করা হয়েছে।’













