কক্সবাজারের টেকনাফে গভীর ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে একটি বন্য স্ত্রী হাতি। হাঁটাচলা করতে কষ্ট হলেও তার পাশ ছাড়ছে না একটি পুরুষ হাতি। অসুস্থ সঙ্গিনীর পাশে থেকে চলাফেরায় সহযোগিতা করছে, যেন সাহস জোগাচ্ছে তাকে। বন্য হাতি দুটির এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে আবেগ ও সহানুভূতির পাশাপাশি উদ্বেগও তৈরি করেছে। এদিকে বন বিভাগের উদ্যোগে আহত হাতিটির চিকিৎসা শুরু করেছে ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় হাতি দুটিকে লোকালয়ে দেখা যায়। কয়েক দিন ধরেই জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তাদের বিচরণ করতে দেখা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে গিয়ে সাদা হয়ে গেছে এবং সেখানে পচন ধরেছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না।
স্থানীয়দের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে বা কারা হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ স্ত্রী হাতিটির কাছাকাছি অবস্থান করছে পুরুষ হাতিটি। স্ত্রী হাতিটি চলাফেরা করতে গেলে সেও পাশে পাশে এগিয়ে যাচ্ছে। পায়ের যন্ত্রণায় স্ত্রী হাতিটি ঠিকমতো পা ফেলতে না পারলেও পুরুষ হাতিটি তাকে ছেড়ে যাচ্ছে না। তাদের এমন সঙ্গীসুলভ আচরণ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বাহারছড়া এলাকায় প্রায়ই খাদ্যের সন্ধানে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এতে সুপারি বাগানসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়। কখনো কখনো হাতির আক্রমণে মানুষও আহত হন। তবে এবার আহত স্ত্রী হাতিটির অসহায় অবস্থা দেখে দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন তারা।
শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
তিনি আরও জানান, হাতিটির চিকিৎসার জন্য ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করেছে। আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন বা আক্রমণের চেষ্টা না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর চিকিৎসা নিশ্চিত করা না গেলে হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে হাতিটিকে সুস্থ করে তোলার দাবি জানিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে উঠবে স্ত্রী হাতিটি। আবারও সঙ্গীকে নিয়ে ফিরে যাবে বনের নিরাপদ আশ্রয়ে।
উল্লেখ্য, চলতি বছরের বর্ষা মৌসুমে টেকনাফের পাহাড়ে চূড়া থেকে পাদদেশে পড়ে আরেকটি বন্য হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছিল।













