মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। পরিবার, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকেরা এগিয়ে এলেই মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর সাফল্য আসবে বলে মন্তব্য করেছেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভূমিরখীলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এএসপি বেলায়েত হোসেন বলেন, প্রত্যেকটি ইউনিয়ন ও এলাকার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদক ও সন্ত্রাস নির্মূলে বড় ধরনের সফলতা আসবে। কেবল পুলিশের একার পক্ষে সমাজ থেকে এই ব্যাধি পুরোপুরি দূর করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজ নিজ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।
বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী, মো. সেলিম উল্লাহ চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ আব্দুল আজিজ, মো. এম রফিকুল ইসলাম ও খালেদ চৌধুরী রাসেল।
এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ড ভূমিরখীল মাদক নির্মূল কমিটির সদস্য হাজী শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান মেম্বার, নুরুল আজিম মেম্বার, নুরুল কবির, শাহেদুর রহমান শাহেদ, ক্বারী সাইফুল্লাহ, খালেদ মুশারফ, ইমরান হোসেন মান্না ও মোহাম্মদ ফরহাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রাঙ্গুনিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।













