অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও নকশাবহির্ভূত অংশ সম্প্রসারণের দায়ে চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই অভিযানে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সিডিএর অথরাইজড-২ এর আওতাধীন নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
অভিযানকালে নগরের পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ এবং নকশাবহির্ভূত অংশ সম্প্রসারণের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে তাৎক্ষণিকভাবে চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়। পাশাপাশি নির্মাণকাজ বন্ধ রাখতে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়।
অন্য ভবনগুলোর অবৈধ অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, ভবন নির্মাণে অনিয়ম পাওয়ায় সংশ্লিষ্ট ভবনগুলো সিলগালা করা হয়েছে। পাশাপাশি আরও তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













