প্রেমের টানে ঘর ছেড়েছিল ১৮ বছর বয়সী রাফী ও তার দুই বছরের কম বয়সী প্রেমিকা। মেয়ের কোনো খোঁজ না পেয়ে তার পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
তবে ছেলে উদ্ধারের বদলে উল্টো রাফীর বাবা-মাকে থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। প্রায় ৩৯ ঘণ্টা তাদের থানায় আটকে রাখা হয়। তবে পুলিশ বলছে, তাদের শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছিল, আটক বলা যাবে না। আজ বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হালিশহর এলাকার ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ফ্রিজ মেকানিক মো. রাফীর (১৮) সঙ্গে স্থানীয় একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন গোপন সম্পর্কের পর গত ১৫ নভেম্বর আনুমানিক বিকেল চারটার দিকে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান রাফী।
মেয়ের খোঁজ না পেয়ে তার পরিবার পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি করে। এ ঘটনার জেরে রোববার মধ্যরাত দুইটার দিকে হালিশহর আবাসিক এলাকার বি ব্লকের নিজ বাসা থেকে ওই দিন রাত আনুমানিক ২টার দিকে রাফীর দিনমজুর বাবা মো. আজাহার এবং গার্মেন্টস শ্রমিক মা রানী বেগমকে থানায় তুলে নিয়ে যায় পাহাড়তলী থানা পুলিশ।
গ্রেপ্তার আজাহারুলের আত্মীয় মো. সিরাজুল আলম জানান, ছেলে-মেয়ে স্বেচ্ছায় ঘর ছাড়লেও পুলিশ গত রোববার মধ্যরাতে তাদের বাবা-মাকে থানায় আটক করে নিয়ে যায়। রোববার মধ্যরাতে ধরে নিয়ে গেলেও মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ যা বলছে
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নুরুল আবছারকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, ‘ছেলের বাবা-মাকে থানায় আনা হয়েছিল। তবে এটিকে আটক বলা যাবে না। আটক করা হলে তো তাদের আগেই জেলে বা হাজতে থাকতে হতো।’
তিনি আরও দাবি করেন, ‘আজকে মামলা হয়েছে। পরে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে। এর আগে তাদের মূলত জিজ্ঞাসাবাদের জন্য এবং বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য থানায় আনা হয়েছিল।’













